নারী দিবসে ভিডিও ডুডল প্রকাশ
বিশ্ব নারী দিবস-২০২০ উপলক্ষে ‘ভিডিও ডুডল’ প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন প্লাটফর্ম গুগল। রোববার (৮ মার্চ) রাত ১২টার পর এ ডুডল প্রকাশ করা হয়। এর পর থেকে ৫৫ সেকেন্ডের ডুডলটি শোভা পাচ্ছে গুগল হোমপেজে। প্রকাশ করা হয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবেও।
ডুডলটির সঙ্গে রয়েছে তিনটি বিশেষ অপশন। প্রথম অপশন ‘সার্চ’বাটনে ক্লিক করলে নারী দিবস নিয়ে বিভিন্ন তথ্য মিলছে। এরপরেই আছে ‘শেয়ার’অপশন। এর মাধ্যমে ডুডলটি ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে। শেষটি ‘মেইল’অপশন। এর মাধ্যমে জিমেইলসহ বিভিন্ন মেইলিং প্ল্যাটফর্মেও শেয়ার করা যাবে এটি।
বিশেষ এই ডুডল ভিডিওটিতে কয়েক স্তরের থ্রি-ডি কাগজে ম্যান্ডালা ডিজাইনে নারী বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেছে গুগল। প্রথম ধাপে সাদা কালো ছবিতে বিভিন্ন দেশ ও সংস্কৃতির নারীদের তুলে ধরা হয়েছে।
রঙিন ছবিতে নারীদের ক্রমশ উন্নত জীবনযাত্রার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে দ্বিতীয় ধাপে।
আর সব শেষ ধাপে বিভিন্ন পেশায় নারীদের সরব উপস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে।
ভিডিও ডুডলটি নকশা করেছেন জুলি উইলকিনসন এবং জোয়ানে হরসকপ নামের দুই শিল্পী। তারা দুজনই অসলো ও লন্ডনভিত্তিক ম্যাকারো স্টুডিওর অতিথি শিল্পী।
অন্যদিকে ডিজাইনটিকে অ্যানিমেশন ভিডিওতে রূপ দিয়েছেন ম্যারিয়ন উইলিয়াম এবং ডাফনি আবডারহালডেন। তারা দুজনই জুরিখভিত্তিক ড্রাস্টিক স্টুডিওর অতিথি অ্যানিমেটর।